২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চেরাগীতে ‘পাবলিক আর্ট’

সাপ্তাহিক ছুটির দিনের বিকালে পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়ে দেখেন- ফুটপাতে তরুণীর সাজসজ্জা আর পাশেই রূপালি কাপড়ে মোড়ানো চেরাগী পাহাড় মোড়ের চির চেনা স্থাপত্য।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 11:10 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

শুক্রবার বিকালে নগরীর চেরাগী পাহাড় মোড়ে শুরু হওয়া প্রদর্শনীতে এমনই বিষয়বস্তু তুলে এনেছেন শিল্পীরা।

এ প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৮টি শিল্পকর্ম আর ছয়টি পারফর্মিং আর্ট।

গ্যালারির চার দেয়াল ছাড়িয়ে শিল্পকর্মকে সাধারণের কাছে আনতেই এই উদ্যেগ বলে জানান ‘পাবলিক আর্ট’ প্রদর্শনীর আয়োজক যোগ অল্টারনেটিভ আর্ট স্পেস’র শায়লা শারমিন।

‘চট্টগ্রামের পত্রিকা পাড়া হিসেবে পরিচিত চেরাগী পাহাড় মোড়ের প্রবেশ পথে সড়কে অনেক পত্রিকা বিছানো। সামনেই পত্রিকার স্ট্যান্ডে ঝুলন্ত নানা রকম পুতুল। নানা আতঙ্ক আর হতাশার খবর নিয়ে কোথায় যাচ্ছি আমরা?’

এই প্রশ্ন নিয়েই আসমা বিথীর শিল্পকর্ম ‘সরে যায় চোখ’।

পাশেই বই বিপণি বাতিঘরের প্রবেশ পথে কাগজের তৈরি মনিরুল মনিরের শূন্য আকৃতির প্রবেশদ্বার। ‘জিরো’ শিরোনামে জীবনের দ্বিধাদ্বন্দ্ব আর চিন্তাশীল মানুষের হতাশার প্রতীক শিল্পকর্ম।

পাশের ছাপাখানার ফুটপাতে প্রতি রাতে শুয়ে থাকা ছিন্নমূল মানুষটির দিকে কেউ ফিরেও তাকায় না। কিন্তু শিল্পী আহমেদ মুনিরের ‘নিরাপদ তন্দ্রা’য় একজন মধ্যবিত্ত মশারির ভেতর টেলিভিশন নিয়ে শুয়ে থাকেন ওই ফুটপাতে।

তখন ভিড় করে সবাই দেখতে থাকেন তাকে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর ও ইতিহাসবিদ শামসুল হোসাইন বলেন, শিল্প শুধু নাক উঁচু কয়েকজন মানুষের জন্য নয়। সাধারণ মানুষও জানুক শিল্পীরা কি করে? শিল্প হোক সবার জন্য।

গত ফেব্র“য়ারিতে চেরাগী পাহাড় মোড়ে হয় ‘চেরাগী আর্ট শো’। এবার দ্বিতীয় আয়োজন।