কালীগঞ্জে বাস খাদে, নিহত ১
গাজীপুরের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যুবক (৩৯) নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে কালো ফুল প্যান্ট ও গেঞ্জি ছিল।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, শুত্রুবার দুপুর দেড়টায় কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া জামতলা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।
ভৈরব থেকে ঢাকাগামী বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব -১৪-১২৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে নরসিংদী জেলার রায়পুরা থানার পিয়ারা খাতুন (৪৫), তার মেয়ে রিমা (১০) ও কানু মিয়াসহ (৫০) কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
আহতদের টঙ্গী ও আশেপাশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান এসআই মুজিবুর।
ঘটনার পর কালীগঞ্জ থানা পুলিশ গাজীপুর জেলা ও নরসিংদী জেলা পুলিশ লাইন থেকে দুইটি রেকার এনে রাত সোয়া ৯টার দিকে বাস ও বাসের নিচে চাপা পড়া ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, উদ্ধার করা বাস ও লাশ কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।
