জাজিরায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, কিশোরীকে নির্যাতন
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার শরীয়তপুরের জাজিরা উপজেলায় একপক্ষ আরেকপক্ষের বাড়িঘরে ব্যাপক হামলা চালিয়েছে।
বিলাশপুর ইউনিয়নের মুলাই বেপারীর কান্দি গ্রামে এ হামলার সময় এক কিশোরীকে নির্যাতন এবং বাড়িঘরে ভাংচুর, মহিলাদের মারধরসহ স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটপাটের অভিযোগ করা হয়।
মঙ্গলবার বিলাশপুর সারেংকান্দি গ্রামে একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাদবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
জাজিরা থানার ওসি মো. নাজমুল ইসলাম বলেন, গত কয়েকদিন থেকে এ এলাকায় পুলিশ প্রহরা রয়েছে। কিন্তু গভীর রাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নৌকাযোগে কিছু লোক এসে কয়েকটি বাড়িতে হামলা করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখনো কেউ থানায় মামলা করতে আসেনি বলে তিনি জানান।
তবে স্থানীয়দের অভিযোগ, থানায় গেলেও তাদের মামলা নেয়া হচ্ছে না।
স্থানীয়রা জানান, বৃস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিলাশপুর ইউনিয়নের মুলাই বেপারীর কান্দি গ্রামের রাজ্জাক হাওলাদার, মোস্তফা হাওলাদার, জনাবালী হওলাদার ও ফারুখ হাওলাদারের বাড়িতে ইউপি চেয়ারম্যান একই গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুসের ভাই ইদ্রিস বেপারী লোকজন নিয়ে হামলা চালায়।
এ সময় তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে, রাম দা, টেটা, বল্লম, ঢাল-সড়কি ব্যবহার করে।
এ ব্যাপারে রাজ্জাক হাওলাদারের স্ত্রী ময়না বেগম বলেন, “আমার চোখের সামনে চেয়ারম্যানের লোকেরা মুখে কালে কাপড় বেঁধে আমার মেয়ের উপর নির্যাতন চালিয়েছে। আমি ওদের পায়ে ধরলেও ওরা ছাড়েনি। আমাকে প্রচণ্ড মারপিট করেছে।”
ফারুখ হাওলাদার বলেন, “গত ৭/৮ দিন থেকে বোমা কুদ্দুসের অত্যাচারের ভয়ে আমরা এলাকার শতাধিক পুরুষ বাড়িছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমাদের অনুপস্থিতিতে কুদ্দুসের লোকজন রাতের অন্ধকারে আমাদের মা-বোনদের উপর নির্যাতনসহ লুটপাট চালাচ্ছে। আমরা থানায় গিয়েও ন্যায় বিচার পাই না।”
চেয়ারম্যান কুদ্দুস বেপারী বলেন, “আমার কোনো লোক তাদের উপর হামলা করেনি। এই গ্রামে আমার কোনো প্রতিপক্ষ নেই।”
