ধামরাইয়ে সৎ মা-বোনের পিটুনিতে একজন নিহত
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে সৎ মা ও তিন বোনের পিটুনিতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক ভাই।
খোয়াজ উদ্দিন (৩৬)শুয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার কলিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় কলিম উদ্দিন ও তার এক মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামরাই থানার ওসি আব্দুর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুরে শুয়াপুরের ফুলতলা বাজারে খোয়াজ ও তার ছোট ভাই জাহাঙ্গীরের ওপর তাদের সৎ মা ও তিন বোন হামলা চালিয়ে মারধর করে।
গুরুতর আহত খোয়াজকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের সৎ বোন লিপি আক্তার ও বাবা কলিম উদ্দিনকে গ্রেপ্তারের কথা জানিয়ে ওসি বলেন,
“জমির ভাগবাটোয়ারা নিয়ে সৎ মা সোনাবানু ও তিন বোন লিপি, বিউটি ও শিল্পী তাদের দুই ভাইয়ের ওপর হামলা করে।”
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
