ড্রোনের কথা বলিনি: বিএসএফ প্রধান
বাংলাদেশ সীমান্তে ড্রোন ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিএসএফ প্রধান সুভাষ যোশী।
সীমান্ত রক্ষা বাহিনীর বৈঠকে যোগ দিতে ঢাকায় আসা বিএসএফ প্রধান তাকে উদ্ধৃত করে ভারতের সংবাদপত্রে প্রকাশিত খবরও নাকচ করেছেন।
সুভাষ যোশীকে উদ্ধৃত করে গত ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্তেও মানববিহীন আকাশ যান (ড্রোন) ব্যবহারের পরিকল্পনা করেছে ভারত।
এরপর ঢাকার পক্ষ থেকে নয়া দিল্লির কাছ থেকে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়। এর মধ্যেই ভারতের হাইকমিশনার পঙ্কজ সরণ জানান, ড্রোন ব্যবহারের কোনো পরিকল্পনা তার দেশের নেই।
সুভাষ যোশী বুধবার সাংবাদিকদের বলেন, “ড্রোন বা এই ধরনের কিছু ব্যবহারের পরিকল্পনা আমাদের এখনো নেই, ভবিষ্যতেও তা ব্যবহারের পরিকল্পনা নেই।”
ইন্ডিয়ান এক্সপ্রেসে তাকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশের পর বিএসএফের পক্ষ থেকে ভারতের্ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের মাধ্যমে তার ব্যাখ্যা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তার মধ্য দিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলে আশা করছেন বিএসএফ প্রধান।
