২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে ইনুর ওপর হামলাকারী দুজন ‘সনাক্ত’

লন্ডনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর হামলাকারী দুজনকে সনাক্ত করেছেন এটিএন বাংলার লন্ডন কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হাফিজ আলম বক্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 01:54 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বেসরকারি এই টেলিভিশনের ওই শাখায় গত ৯ সেপ্টেম্বর হামলার মুখে পড়েন জাসদ সভাপতি ইনু। 

হাফিজ আলম বক্স মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “পুলিশের আইডেনটিটি প্যারেডে আমি দুজনকে চিনতে পেরেছি।”

তিনি জানান, এটিএন বাংলার ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি দেখে তিনি ওই দুজনকে সনাক্ত করেন।

পুলিশের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হলে হামলাকারীদের রাজনৈতিক পরিচয়সহ মদদদাতাদের সন্ধান পাওয়া যাবে বলেও আশা করছেন এটিএন বাংলার কর্মকর্তা।

তিনি বলেন, তাদের ধারণ করা সিসি ক্যামেরার ছবি অনুযায়ী সেদিন সাতজন হামলাকারী এক সঙ্গে এসেছিলেন। এদের মধ্যে পাঁচজন অফিসের ভেতরে ঢোকেন।

এটিএনের কর্মকর্তা বলেন, হামলার যে ছবি গণমাধ্যমে এসেছে, তা তাদের ক্যামেরায় ধারণ করা নয়।

“হামলাকারী একজনের হাতে ভিডিও ক্যামেরা ছিল। যেসব ছবি প্রচার হয়েছে, সেগুলো ওই ক্যামেরায় তোলা হতে পারে।”

রাজনৈতিক কারণেই তথ্যমন্ত্রীর ওপর এই হামলা হয়েছে বলে মনে করেন হাফিজ। তবে আইনগত বাধ্যবাধকতার কারণে আর কোনো তথ্য সাংবাদিকদের জানাতে রাজি হননি তিনি।

লন্ডন সফরে তথ্যমন্ত্রীর ওপর হামলার জন্য আওয়ামী লীগ নেতারা প্রথম থেকেই জামায়াতে ইসলামীকে দায়ী করে আসছেন, যদিও দলটি তা অস্বীকার করেছে।

পুরনো খবর:

হামলা চালিয়ে কণ্ঠরোধ করা যাবে না: ইনু
তথ্যমন্ত্রীর ওপর লন্ডনে ‘অতর্কিত হামলা’