২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু খাদ্যের বিজ্ঞাপন নয়, বিল পাস

শিশুর বিকল্প খাদ্যের বিক্রি বাড়াতে বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করে এ সংক্রান্ত একটি বিল সংসদে পাস হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 10:47 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

বিলে বাণিজ্যিকভাবে উৎপাদিত শিশু খাদ্য খেয়ে কোনো শিশুর মৃত্যু বা সে অসুস্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জেল জরিমানা করারও বিধান রয়েছে।

মঙ্গলবার ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ নামে বিলটি সংসদে অনুমোদন পায়।

বিলটি পাসের জন্য প্রস্তাব রাখেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

গত ১৬ জুলাই বিলটি সংসদে উত্থাপন করা হয়। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলে বিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুত করা শিশুর বাড়তি খাদ্য এবং এই খাদ্য ব্যবহারের সরঞ্জাম সংক্রান্ত সকল প্রকার বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিকল্প শিশু খাদ্যের বিক্রি উৎসাহিত করতে কাউকে উপহার, ছাড় দেয়া; সভা-সেমিনার আয়োজন, শিশুদের জন্য প্রতিযোগিতা বা অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে।

শিশু খাদ্যের মোড়কে শিশু বা মায়ের ছবি ব্যবহারও নিষিদ্ধি করা হয়েছে ওই বিলে।

বিলে বলা হয়েছে, বিকল্প শিশু খাদ্য খেয়ে কোনো শিশু অসুস্থ বা মারা গেলে দায়ী ব্যক্তিকে ১০ বছরের সাজা অথবা জরিমানা হিসেবে ৫০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে।

পুরনো খবর:

‘শিশুখাদ্যের মোড়কে শিশু বা মায়ের ছবি নয়’