‘শিশুখাদ্যের মোড়কে শিশু বা মায়ের ছবি নয়’
মায়ের দুধের ‘বিকল্প’ শিশু খাদ্য এবং বাণিজ্যিকভাবে উৎপাদিত শিশুর ‘বাড়তি’ খাদ্যের বিপণন নিয়ন্ত্রণে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
এসব খাদ্যকে মায়ের দুধের ‘বিকল্প’ হিসাবে দেখিয়ে যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ করার কথা বলা হয়েছে এই বিলে।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের পক্ষে প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির মঙ্গলবার জাতীয় সংসদে ‘মাতৃদুগ্ধবিকল্প শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ, ইত্যাদি) বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন।
বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত আইনে বিজ্ঞাপন নিষিদ্ধ করার পাশাপাশি ‘বিকল্প’ শিশ খাদ্যের বিক্রি উৎসাহিত করতে উপহার, ডিসকাউন্ট দেয়া; সভা-সেমিনার আয়োজন, শিশুদের জন্য প্রতিযোগিতা বা অনুষ্ঠানের আয়োজনও নিষিদ্ধ করা হয়েছে।
এ আইন লঙ্ঘণ করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে বিলে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আইনে অপরাধীদের শাস্তি দেয়া যাবে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে প্রস্তাবে বলা হয়, ১৯৮১ সালের ২১ মে জেনেভায় বিশ্বস্বাস্থ্য সংস্থার সম্মেলনের প্রেক্ষাপটে ১৯৮৪ সালে ‘দ্যা ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউটস (রেগুলেশন অফ মার্কেটিং) অর্ডিন্যান্স-১৯৮৪ অধ্যাদেশ জারি করা হয়। কিন্তু প্রয়োগের ক্ষেত্রে অধ্যাদেশটির কিছু সীমাবদ্ধতাও দেখা যাচ্ছে।
“অধ্যাদেশটি শিশুখাদ্য খাদ্যের বিপণন নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত মাত্রায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই অধ্যাদেশ সংশোধন করে নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
