লাগাতার অবস্থানের হুমকি নন-এমপিও শিক্ষকদের
আগামী ৬ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে পরদিন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থানের ঘোষণা দিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মঙ্গলবার শহীদ মিনারে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন।
তিনি বলেন, বছরের পর বছর বেতন না পেয়ে নন এমপিও শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। বারবার প্রতিশ্রুতি দেয়া হলেও শেষ পর্যন্ত এমপিওভুক্ত করা হয়নি।
“আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি মানা না হলে পরদিন থেকে দেশের সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। ৫ অক্টোবর শিক্ষা দিবসে সব জেলা শহরে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।
“এরপরও দাবি পূরণ না হলে আগামী ৭ অক্টোবর সকাল ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনসহ লাগাতার অবস্থান করা হবে।”
এর আগে সমাবেশে সংগঠনের সভাপতি মো. এশারত আলী বলেন, সারা দেশের প্রায় সাড়ে সাত হাজার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। কিন্তু তাদের দাবি মানা হচ্ছে না।
অবিলম্বে এসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবি জানান তিনি।
দেশের বিভিন্ন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এ সমাবেশে যোগ দেন।
