আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে আটক বাংলাদেশিকে ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বেনীপুর সীমান্ত থেকে আজমত বারী ওরফে আজানকে (৪২) ধরে নিয়ে যায় তারা। পরে তাকে সেদেশের পুলিশে সোপর্দ করা হয়।
আজান একই উপজেলার হাবিবপুর গ্রামের মনোয়ার মণ্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, সকালে আজানসহ ৬/৭ জন গরু আনতে সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের ৯ এস সাব পিলারের কাছ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় বিএসএফের একটি টহল দল তাদের ধাওয়া করে এবং আজানকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে চলে আসে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, আটক আজানকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। সকাল ১০টায় দু’দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকও হয়।
আজানকে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানায় হস্তান্তর করেছে বলে বিএসএফ জানায়।
বৈঠকে বিজিবির পক্ষে বেনীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার তোফাজ্জেল হোসেন এবং বিএসএফের নোনাগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর রতন লাল যাদব অংশ নেন।
