ঘোষিত বেতন কাঠামোয় বৈষম্য, দাবি সিইউজের
সংবাদপত্রে কর্মরত সাংবাদিক-কর্মচারীদের জন্য ঘোষিত অষ্টম ওয়েজ বোর্ডে থাকা ‘বৈষম্য’ দূর করতে রিভিউ কমিটি গঠনের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের পর সোমবার সংগঠনের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
সিইউজের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী ওই বিবৃতিতে বলেন, সরকার ঘোষিত অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ইতিবাচক অগ্রগতি।
তবে এতে ঢাকার সঙ্গে চট্টগ্রামসহ অন্য অঞ্চলের সাংবাদিকদের মধ্যে সুযোগ-সুবিধাগত নানা বৈষম্য রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
“পাশাপাশি সপ্তম ওয়েজ বোর্ডে ক ও খ শ্রেণির সংবাদপত্রের বার্ষিক মোট আয় যথাক্রমে চার কোটি ও দুই কোটি বা তার বেশি ছিল। কিন্তু অষ্টম ওয়েজ বোর্ডে তা বিস্ময়করভাবে বাড়িয়ে ২৫ কোটি ও ১০ কোটি করা হয়েছে।”
বিবৃতিতে বলা হয়, ক্যাটাগরি পরিবর্তন করে ও বার্ষিক আয় বেশি দেখিয়ে সাংবাদিকদের কম মজুরি দেয়ার অপচেষ্টা করা হয়েছে।
ব্যয়বহুল শহর হওয়ায় অন্তত চট্টগ্রামের সাংবাদিকদের বাড়িভাড়াসহ অন্যান্য সুযোগ অভিন্ন রাখা প্রয়োজন বলে বিবৃতিতে দাবি জানানো হয়।
