মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক
মৃত্যু নিবন্ধনকে আইনগতভাবে বাধ্যতামূলক এবং নিবন্ধনকে ডিজিটালাইজ করা বিধান রেখে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন- ২০০৪’ সংশোধন বিল সংসদে পাস হয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে সোমবার সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। এটি কণ্ঠভোটে পাস হয়।
গত ২৮ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন স্থানীয় সরকার মন্ত্রী। পরে বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে, জন্ম ও মৃত্যু নিবন্ধনে জন্য মিথ্যা তথ্য প্রদানকারীদের শাস্তি দেয়ার বিধান রাখা হয়েছে। এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে কেন্দ্রীয়ভাবে তত্ত্বাবধানের জন্য রেজিস্ট্রার জেনারেলের অফিস স্থাপনের বিধান রাখা হয়েছে।
বিলে, জন্ম ও মৃত্যু তথ্য সংশোধনের জন্য নিবন্ধক পর্যায়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে।
২০০৪ সালের আইনের সংশোধনের প্রস্তাব করে মিথ্যা তথ্য দেয়ার জন্য অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা অথবা অনধিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।
বিলে সাকসেশন সার্টিফিকেট, পারিবারিক পেনশন, মৃত ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্সের দাবি, নাম জারী এবং জমাভাগ প্রাপ্তির জন্য মৃত্যু সনদ ব্যবহান বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে।
যথাযথভাবে মৃত্যু নিবন্ধন না হলে দেশের জনসংখ্যার হিসাব নির্ভূলভাবে নিরূপিত হবে না বলে এই আইন সংশোধনের পক্ষে যুক্তি দেখিয়েছে সরকার।
