২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগা খান ফাউন্ডেশনের সঙ্গে সহযোগিতা প্রটোকল সই

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের মধ্যে সংশোধিত সহযোগিতা প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:45 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

সোমবার বিকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে এই প্রটোকল স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের চেয়ারম্যান প্রিন্স আগা খান প্রটোকলে সই করেন।

এরআগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আগা খান।

সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

পরে এ বিষয়ে আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে শিক্ষা খাতে এবং নার্সদের উচ্চ শিক্ষার জন্য সহযোগিতার কথা বলেন আগা খান।

এছাড়াও পাট খাতের উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বর্তমান সরকারের সময়ে খাদ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন আগা খান।

কারিগরি শিক্ষা, পর্যটন ও কৃষিখাতে বিনিয়োগের জন্য আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় মন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ সফররত ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কে রহমান খান সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানান।

কে রহমান খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির আমূল পরিবর্তন হয়েছে।

“বাংলাদেশ প্রবৃদ্ধিতে ভারতকেও ছাড়িয়েছে। এটাই সবচেয়ে বড় অর্জন।”

ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে সে দেশের সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন কে রহমান খান।

ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারত উভয় দেশের উন্নয়নের জন্য পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতকালে অ্যাম্বসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান উপস্থিত ছিলেন।