জাতীয় পরিচয়পত্র পাচ্ছে ১৮ বছরের কম বয়সীরাও
দেশের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিধান রেখে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে ১৮ বছরের কম বয়সীরা ভোটার না হলেও জাতীয় পরিচয়পত্র পাবেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় জাতীয় পরিচয়পত্র তৈরি হয়, যা দেয়া হয় সব ভোটারকে।
সোমবার ‘জাতীয় পরিচয় নিবন্ধন (সংশোধন) বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
উত্থাপিত বিলটি পরীক্ষা করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত আইনে জাতীয় পরিচয় নিবন্ধন প্রক্রিয়ায় নাগরিকদের কাছ থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্ত তথ্য প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ ও গোপনীয়তা রক্ষার বিধান রাখা হয়েছে।
কোনো ব্যক্তি বা নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত্র তথ্য বা উপাত্তের বিষয়ে গোপনীয়তা লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান প্রস্তাব করা হয়েছে।
তবে আইন মেনে নির্ধারিত পদ্ধতিতে কমিশন থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে।
এছাড়া বিলে জাতীয় পরিচয়পত্রের মেয়াদ শেষ হওয়ার ৬ মাস আগে পুনর্নিবন্ধন করার নিয়ম শিথিল করা হয়েছে। এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে জাতীয় পরিচয়পত্র নবায়ন করা যাবে।
