২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন ডুয়েট শিক্ষার্থীরা

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট)শিক্ষার্থীরা ক্যাম্পাসের পরিসর বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 09:10 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

এ দাবিতে সোমবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিকালে তাদের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করে ।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দীন শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক দাবি করে বলেন, বিষয়টি নিয়ে স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।

ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মাসুম বলেন, মঙ্গলবার সকাল দশটায় গাজীপুর প্রেসক্লাব চত্বরে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সামনে মানববন্ধন করে স্মারকলিপি দেয়া হবে।

“২৬ সেপ্টেম্বর ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।”

শিক্ষার্থীরা জানায়, দেশের সবগুলি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শতাধিক একর জমি থাকলেও ডুয়েটে জমি রয়েছে মাত্র ২০ একর।

গত বছরের ১৬ মে ক্যাম্পাসের জমি সম্প্রসারণের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করে।

এ সময় ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বিভিন্ন কর্মসূচিও পালন করে তারা। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দীনের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।