২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনেই শামীমের মৃত্যু, মামলা সিআইডিতে দেয়ার নির্দেশ

নির্যাতনের কারণেই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর ইউপি চেয়ারম্যানের স্ত্রীসহ ৪ খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া শামীম রেজার মৃত্যু হয়েছে বলে ময়না তদন্তের প্রতিবেদনে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 08:59 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

একইসঙ্গে মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে শামীমের স্ত্রীর দায়ের করা দুটি মামলা প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করে তা তদন্তের জন্য সিআইডিতে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান জানান, শামীম রেজার ময়না তদন্ত প্রতিবেদন গত বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ জমা দিয়েছে অদালতে।

“সেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ভোতা অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

এছাড়া এ মামলাটি অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তার কাউকে তদন্তের দায়িত্ব দেয়ার জন্য গত রোববার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হোসেন নির্দেশ দেন বলে জানান পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর রহমান।

গত ১৯ এপ্রিল সোনারগাঁওয়ের প্রতাপের চর গ্রামে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের ঘরে তার স্ত্রী শামীমা, শ্যালক রানা ইসলাম এবং দুইজন গৃহপরিচারিকা রেখা আক্তার ও মনি আক্তার খুন হন।

এ ঘটনায় শামীম রেজাকে আটক করে পুলিশ। শামীম ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।  পরে ২২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম রেজা।

এরপর শামীমের বাবা আলাউদ্দিন বাদী হয়ে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থানার ওসি (তদন্ত) অরূপ তরফদার, উপ-পরিদর্শক (এসআই) পল্টু ঘোষ এবং থানার সহকারী পুলিশ সুপার বি সার্কেল উত্তম প্রাসাদ পাঠকসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন।

অন্যদিকে শামীম রেজার স্ত্রী সাবিকুন নাহার তুহিন গত ২৩ জুলাই ও ১৬ জুন পৃথকভাবে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দু’টি মামলার আবেদন করেন। ওই মামলায় ৪ জনকে বিবাদী করে হত্যার অভিযোগ আনা হয়।

শামীমের পরিবারের অভিযোগ, আটকের পর পুলিশের দাবি করা টাকা না দেয়ায় শামীমকে পিটিয়ে হত্যা করা হয়।

এদিকে শামীম রেজার স্ত্রী সাবিকুন নাহার তুহিন সাংবাদিকদের জানিয়েছেন, মামলা তুলে নেয়া জন্য পুলিশ ও এলাকার প্রভাবশালী দিয়ে তাদেরকে চাপ দেয়া হচ্ছে। চাপের কারণে সোনারগাঁও ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান শামীমের পরিবারকে চাপ দেয়ার অভিযোগ অস্বীকার করেন।