২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডার নিয়ে গোলাগুলি: যুবলীগ নেতা বাবর জামিনে মুক্ত

চট্টগ্রামে টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার যুবলীগের বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরী বাবরসহ মোট ১২ জন জামিনে মুক্তি পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 07:22 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

সোমবার বিকেল ৫টার দিকে তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

জামিন পাওয়া অন্য আসামিরা হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কামরুল হাসান রায়হান ও রায়হান মাহমুদ শুভ, আবদুল্লাহ আল মামুন, সুজয় মন বড়ুয়া জিতু, ফয়সাল আহমেদ রাজ, মিজানুর রহমান বাবু, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. জাফর, আমির হোসেন আমু ও রাজেশ বিশ্বাস।

চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার নূর মোহাম্মদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামিন আদেশের নথি বিকেলে কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে এই ১২ জনকে মুক্তি দেয়া হয়।                                                                              

বাবরের আইনজীবী ইফতেখার সাইমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ বাবরকে অর্ন্তবর্তী জামিন দেন। সোমবার জামিন আদেশ চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালত হয়ে কারাগারে পৌঁছায়।

গত ২৪ জুন দুপুরে রেলওয়ে পূর্বাঞ্চলের সদরদপ্তর সিআরবি ভবনের সামনে সাত রাস্তার মাথা এলাকায় রেলের টেণ্ডার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষ। তাদের গোলাগুলিতে শিশু আরমান হোসেন ও যুবলীগকর্মী সাজু পালিত নিহত হন।

এই ঘটনায় কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদি হয়ে ৮৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

ওই মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাইফুল আলম লিমন ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী বাবরসহ ৫৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে লিমনকে ছাত্রলীগ থেকে ও বাবরকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

ঘটনার ২১ দিন পর গত ১৪ জুলাই আরেকটি মামলা করেন নিহত সাজু পালিতের মা মিনতি পালিত।

আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের করা আগের মামলার সঙ্গে এই মামলার কার্যক্রম পরিচালনার আদেশ দেয়।

এর আগে গত ৪ অগাস্ট লিমনসহ পাঁচ জন জামিনে মুক্তি পান।