ইবির ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয় নিবন্ধক ও ভর্তি কমিটির সদস্য সচিব মো. মসলেম উদ্দিন বলেন, “আগামী ১৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
মোবাইল অপারেটর টেলিটক থেকে এসএমএস এর মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে ভর্তি কমিটির সভায় উপ-উপাচার্য মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.iu.ac.bd/ এ বিস্তারিত জানা যাবে।
এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১ হাজার ৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে।
