স্মৃতিসৌধে আগা খানের শ্রদ্ধা
সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান।
সোমবার দুপুর সোয়া ১টায় তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী তাকে অভ্যর্থনা জানান।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি কামিনী ফুলের চারা রোপণ করেন। বেলা ১টা ৩৫ মিনিটে তিনি স্মৃতিসৌধ থেকে বেরিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
আগা খানের আগমন উপলক্ষে স্মৃতিসৌধে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
আগা খান দুই দিনের সফরে সোমবার সকালে একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
বিশ্বের দেড় কোটি ইসমাইলিয়া মুসলিমের এই নেতাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন নেটওয়ার্ক ‘আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক’র প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন আগা খানের বর্তমান সরকারের আমলে এটাই প্রথম বাংলাদেশ সফর।
