২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল আ’লীগের সংঘর্ষ, আহত ১০

বরিশাল আওয়ামী লীগের মহানগর সভাপতি ও জেলা সভাপতির অনুসারীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

সোমবার নগরীর সোহেল চত্বর এলাকায় এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করেছে এবং টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে।

রোববার ঢাকায় একটি হোটেলে মহিউদ্দিন বাবুল নামে বরিশালের এক আওয়ামী লীগ সমর্থকের উপর হামলার জেরে এ সংঘর্ষ হয় বলে দলের নেতাকর্মীরা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টায় সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন হিরনের সমর্থকরা।

একই সময় দলীয় কার্যালয় এলাকায় অবস্থান নেয় জেলা সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সমর্থকরা।

দুই গ্রুপের উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে।

হিরনের অনুসারী মহানগর ছাত্রলীগ সভাপতি মো. জসিমউদ্দিন জানান, গত ১৫ জুনের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শওকত হোসেন হিরনের পক্ষে কাজ করেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন বাবুল।

এ কারণে রোববার ঢাকার একটি হোটেলে বাবুলের উপর নির্যাতন চালায় প্রতিপক্ষের সর্থকরা।

এর প্রতিবাদে সোমবার দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলে সেখানেও তারা হামলা চালায়।

হাসনাতপন্থী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক জানান, মহিউদ্দিন বাবুল আওয়ামী লীগের কেউ নন।

ঢাকায় অনৈতিক কাজ করতে গিয়ে আটক হওয়ায় স্থানীয় যুবকরা তাকে মারধর করে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ঢাকার একটি ঘটনা নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।