২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিন্স আগা খান ঢাকায়

ইসমাইলিয়া সম্প্রদায়ের নেতা প্রিন্স করিম আগা খান দুই দিনের সফরে ঢাকা এসেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

সোমবার সকালে একটি বিশেষ বিমানে  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পররাষ্ট্রমন্ত্রী  দীপু মনি বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

বিশ্বের দেড় কোটি ইসমাইলিয়া মুসলিমের এই নেতাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতি সৌধে যাবেন আগা খান।

বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন নেটওয়ার্ক আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন আগা খান বর্তমান সরকারে আমলে এবারই প্রথম বাংলাদেশ সফর করছেন।

এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের আমন্ত্রণে ঢাকা এসেছিলেন তিনি।

এবারের সফরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও দীপু মনির সঙ্গে তিনি বৈঠক করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশে আগা খান ডেভলপমেন্টের কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক একটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

ধানমণ্ডিতে বঙ্গবন্ধু  স্মৃতি জাদুঘর  ঘুরে দেখার পাশাপাশি ঢাকায় নিজ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন আগা খান।

রাতে তার সম্মানে নৈশভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী।

১৯৮০ সাল থেকে বাংলাদেশে বিশেষত পল্লী অঞ্চলে উন্নয়ন, ক্ষুদ্রঋণ ও শিক্ষা বিস্তারে এনজিওর মাধ্যমে কাজ করছে আগা খান ফাউন্ডেশন।

দাদা স্যার সুলতান মাহোমেদ শাহ আগা খানের উত্তরসূরি হিসেবে ১৯৫৭ সালে ২০ বছর বয়সে শিয়া ইমামী ইসমাইলিয়া মুসলিমদের নেতা হন আগা খান।

মঙ্গলবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।