২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজের পরিধি বাড়লো বাংলা একাডেমির

বাংলা একাডেমির প্রশাসনিক পুনর্গঠন ও কার্যক্রমের পরিধি বাড়াতে ‘বাংলা একাডেমি বিল-২০১৩’ সংসদে পাস করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 09:35 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

রোববার বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।

গত ১৪ জুলাই বিলটি সংসদের উত্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

১৯৭৮ সালের বাংলা একাডেমি অধ্যদেশ রহিত করতে বিলটি উত্থাপন করা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, “১৯৭৮ সালের ৬ জুন প্রধান সামরিক আইন প্রশাসক অর্ডিন্যান্স জারি করেন। বাংলা একাডেমির কাছে জাতির যে প্রত্যাশা, প্রচলিত অধ্যাদেশ তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইতোমধ্যে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি সম্প্রসারিত এবং তথ্য প্রবাহ পূর্বের তুলনায় অবাধ হওয়ার ফলে প্রকাশনা ও মুদ্রণের ক্ষেত্রে নতুন পরিস্থিতি উদ্ভব হয়েছে।”

আরো বলা হয়েছে, “বিশ্ব পরিসরে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির পরিচিত ব্যাপকতার করা প্রয়োজন এবং বিদেশে বসবাসরত বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক যাতে সহজে বাংলা ভাষা,  সাহিত্য ও সংস্কৃতির চর্চা করতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। কিন্তু প্রচলিত অধ্যাদেশ দ্বারা উপরুক্ত লক্ষ্য ও উদ্দেশ্যগুলো অর্জন করা সম্ভব নয়।”

বিলে বলা হয়েছে, বাংলা একাডেমি বাংলা শব্দের প্রমিত বানান ও উচ্চারণ নির্ধারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া বাংলদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরগুলোর ভাষা-সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণে সহায়তা করা এবং তাদের জীবন ও সংষ্কৃতি বিষয়ে বই প্রকাশ করতে বলা হয়েছে।

বিদেশি লেখক ও গবেষকদের আমন্ত্রণ জানানো, বাংলা একাডেমিতে চেয়ার প্রতিষ্ঠা, প্রয়োজনে বিভিন্ন কেন্দ্র ও ইনস্টিটিউট স্থাপনের ক্ষমতাও একাডেমিকে দেয়া হয়েছে বিলে।