ভারতে পাচারের সময় আটক ২৬
ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ২৬ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
রোববার বিকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকদের বাড়ি মাদারিপুর, খুলনা, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বলেন, অবৈধভাবে ভারতে পাঠানোর সময় পুটখালি বিজিবি ক্যাম্পের টহলদল চরেরমাঠ নামক জায়গা থেকে তাদেরকে আটক করে।
এদের মধ্যে বারোজন পুরুষ, দশজন নারী এবং চারটি শিশু রয়েছে।
সন্ধ্যায়ই তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ।
