২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গা বিএডিসি শ্রমিকদের কর্মবিরতি

অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণসহ ৪ দফা দাবিতে চুয়াডাঙ্গা বিএডিসি শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত চুয়াডাঙ্গা বিএডিসির শ্রমিকরাও এ কর্মসূচি পালন করে।

চুয়াডাঙ্গা বিএডিসি শ্রমিক নেতা মোমিনুজ্জামান মোমিন জানান, বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতিসহ চুয়াডাঙ্গা বিএডিসি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ফার্ম ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক ইউনুস খান রাজু, কেন্দ্রীয় সদস্য দাউদ হোসেন প্রমুখ।

তিনি আরো জানান, শ্রমিকদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে বিএডিসি খামারের অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা, খামার শ্রমিকদের অবসরকালীন বর্তমান ভাতা ৩০ মাস থেকে বর্ধিত করে ৬০ মাসের মজুরি সমপরিমাণ করা, সপ্তাহে ২ দিন স্ব-বেতনে ছুটি প্রদান ও মাতৃত্বকালীন ছুটি ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন করা।

শ্রমিকরা জানায়, ২০০৯ সালে কৃষি মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে কৃষি খামারে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার আদেশ দিলেও গত ৫ বছরে তা কার্যকর করা হয়নি।