মাওয়ায় পারাপারে সহায়তা দিচ্ছে টাগবোট
মাওয়া-কাড়াকান্দি নৌরুটে তীব্র স্রোতে টাগবোটের সহায়তায় ফেরি পারাপার চলছে।
১৬টি ফেরির মধ্যে ১০টি চললেও পারাপারে সময় বেশি লাগায় ঘাটের দুই পাড়ে দীর্ঘ হচ্ছে অপেক্ষমান যানবাহনের লাইন।
তবে, স্রোতের তীব্রতা অন্যান্য দিনের তুলনায় রোববার কিছুটা কমেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ম্যানেজার সিরাজুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পদ্মায় স্রোতের তীব্রতা কিছুটা কম। তবে ফেরিগুলো তাদের নিজস্ব ইঞ্জিনে এখনো এই স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারছে না।
তাই ঘাটে ভিড়ানো এবং ছেড়ে যাওয়ার সময় ফেরির সঙ্গে টাগবোট দুর্বারকে লাগানো হচ্ছে।
তিনি বলেন, অপেক্ষাকৃত শক্তিশালী ইঞ্জিনের দুর্বার পদ্মার স্রোতকে সামাল দিয়ে ফেরিগুলোকে নিয়ন্ত্রণে রাখছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মার পানি গত ২৪ ঘন্টায় ২৫ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। ভাগ্যকূল পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে নদীর পানি।
মাওয়া ঘাটের কর্মকর্তা সিরাজুল হক আরো জানান, বন্ধ রাখা ৬টি ফেরির মধ্যে যান্ত্রিক ত্রুটি পাওয়ায় রো রো ফেরি খান জাহান আলীকে মেরামতের জন্য ওয়ার্কশপে পাঠানো হয়েছে।
ঘাট কর্তপক্ষ জানিয়েছে, নদী পারাপারের ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকের চেয়ে যাত্রীবাহীবাস ও প্রাইভেট কারকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
