‘জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি বাংলাদেশে’
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে বলে একটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।
শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বিবিসি মিডিয়া অ্যাকশন এশিয়ার কয়েকটি দেশের জনগোষ্ঠীর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে।
ক্লাইমেট এশিয়ার এ প্রতিবেদনে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান ও ভিয়েতনামে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে জনগণের আচরণের একটি পরিপূর্ণ চিত্র এবং যেসব এলাকায় মানুষ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সঙ্গে লড়াই করে টিকে থাকার চেষ্টা করছে সে সব এলাকার চিত্র তুলে ধরা হয়।
বিবিসি মিডিয়া অ্যাকশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, জরিপে অংশ নেয়া প্রায় সাড়ে ৩৩ হাজার মানুষ ক্রমশ বাড়তে থাকা তাপমাত্রা এবং চরম আবহাওয়া থেকে শুরু করে খাদ্য ও পানি সংকটের মতো ঘটনার কারণে তাদের পরিবেশ এবং জীবনযাত্রার মূল উপাদানগুলোতে ব্যাপক পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, চার ভাগের তিন ভাগ মানুষ বলেছে, গত দশ বছরে তাপমাত্রা ক্রমশ বেড়েছে।
বাংলাদেশের ৮৪ শতাংশ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনে তাদের উপার্জন ক্ষমতার ওপর প্রভাব পড়েছে।
বাংলাদেশে বিবিসি মিডিয়া অ্যাকশনের আবাসিক প্রতিনিধি শার্লট ইমবার্ট বলেন, “বাংলাদেশিরা জলবায়ুর বহুমুখী পরিবর্তনকে প্রত্যক্ষ করছে। এরই মাঝে আমরা দেখেছি, এই জনগোষ্ঠী তাদের জীবনযাপনে অনেক পরিবর্তন এনেছে।”
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) পরিচালক এবং ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) উচ্চপদস্থ কর্মকর্তা সেলিমুল হক বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে আক্রান্ত দেশগুলোর মধ্যে অন্যতম হওয়ায় এই গবেষণা থেকে উঠে আসা বহুমুখী চ্যালেঞ্জগুলো তাৎপর্যপূর্ণ। এই উপাত্তগুলো বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সহায়ক হবে।”
দক্ষিণ এশিয়ার অন্যান্য অঞ্চলের লোকজন একই ধরনের চাপের কথা জানালেও তাদের প্রতিক্রিয়া ভিন্ন ছিল বলে প্রতিবেদনে বলা হয়।
গবেষণায় দেখা যায়, ভারতে জরিপে অংশ নেয়া ব্যক্তিরা জানান, এই সমস্যার সমাধান তাদের কাছে অসম্ভব হয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও ভারতীয়রা জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাব প্রত্যক্ষ করে। তবে বাংলাদেশিদের তুলনায় তাদের জীবনযাত্রায় পরিবর্তন আনার আগ্রহ কম।
পরিস্থিতি মোকাবেলায় তাদের এই অনাগ্রহ প্রতিবেশি দেশ বাংলাদেশ, পাকিস্তান ও নেপালে সম্পূর্ণ উল্টো। কেননা এই সব দেশের মানুষ পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নিতে দায়িত্ব অনুভব করে।
জলবায়ু পরিবর্তনের ফলে অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি আশঙ্কা প্রকাশ করেছে নেপালিরা। বেশিরভাগ মানুষ জীবন-জীবিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করা সত্ত্বেও সম্পদ ও তথ্য স্বল্পতার কারণে তা করতে তারা লড়াই করে যাচ্ছেন।
