চট্টগ্রামে ব্যবসায়ী খুনের প্রতিবাদে অবরোধ, ভাংচুর
সন্ত্রাসী হামলায় এক ব্যবসায়ী নিহতের প্রতিবাদে চট্টগ্রামের সিটি গেইট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
এসময় একটি পুলিশ বক্সেও ভাংচুর চালায় তারা। নবগঠিত আকবর শাহ থানার ওসির অপসারণও দাবি করে বিক্ষুব্ধরা।
নিহত ব্যবসায়ী বেলাল হোসেনের (৩৩) লাশ নিয়ে শনিবার দুপুর ৩টা থেকে রাস্তায় অবস্থান নেয় এলাকাবাসী।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তেজিতরা এসময় ওই এলাকার একটি পুলিশ বক্ষে ভাংচুর করে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পরে ওসির বিরুদ্ধে অভিযোগের তদন্ত এবং তাকে অপসারণের আশ্বাসের পেয়ে সাড়ে ৫টার দিকে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা।
স্থানীয়রা জানান, কাট্টলী এলাকার বাসিন্দা ও লোহা ব্যবসায়ী বেলাল হোসেনকে শুক্রবার ওই এলাকার রনি, পাভেল, হোসেন ও সবুজ নামে কয়েকজন হুমকি দেন।
কয়েকজন বন্ধূকে নিয়ে বেলাল রাতে এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে ওসি আবদুর রাজ্জাক মামলা নিতে গড়িমসি করে ও সাধারণ ডায়েরি করতে বলেন।
রাত ১০টার দিকে বেলালসহ অন্যরা থানা থেকে বেরনোর ৫০ গজের মধ্যে সন্ত্রাসী হামলার শিকার হন। গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে সেখানে বেলালের মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে লাশ এলাকায় আনার পর দুপুরে কয়েকশ’ নারী-পুরুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
এলাকাটি নগরের প্রবেশদ্বার হওয়ায় মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরেফীন জুয়েল বলেন, “ওসির বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখার এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের অশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।”
