২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি একজন দেশপ্রেমিককে হারালো: প্রধানমন্ত্রী

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আনোয়ার হোসেন ছিলেন ‘বহুমুখী প্রতিভাধর ও বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী’ অভিনেতা। বাংলা চলচ্চিত্রের ‘মুকুটহীন সম্রাট’ হিসেবে খ্যাত হয়েছিলেন তিনি।

অর্ধ শতকেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে সরব পদচারণার পর বৃহস্পতিবার রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার হোসেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এর কয়েক ঘণ্টা আগে আনোয়ার হোসেনের খোঁজ নিতে স্কয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরিবারের সদস্যদের হাতে সহায়তা হিসাবে ১০ লাখ টাকাও তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী তার শোক বার্তায় বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আনোয়ার হোসেনের মৃত্যুতে দেশ একজন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, সংস্কৃতি কর্মী ও দেশপ্রেমিককে হারালো। তার মৃত্যু জাতির জন্য বিরাট ক্ষতি।

প্রধানমন্ত্রী এই অভিনেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পুরনো খবর:

পর্দার নবাব আনোয়ার হোসেনের বিদায়