পাঠ্যবইয়ে ত্রুটি সংশোধনে শুদ্ধিপত্র
মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের ভুল-ত্রুটি সংশোধন নিয়ে শুদ্ধিপত্র প্রকাশ করবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে শিগগিরই এনসিটিবি এই শুদ্ধিপত্র প্রকাশ করে জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে দেশের প্রতিটি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে পৌঁছে দেবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শুদ্ধিপত্র শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিটিবি প্রকাশিত মাধ্যমিক স্তরের বইয়ের যেসব পৃষ্ঠার যে লাইনে যে ভুল আছে তার স্থলে সংশোধনী উল্লেখ করে শুদ্ধিপত্র প্রকাশের কাজ চলছে।
জাতীয় শিক্ষানীতির আলোকে ১৭ বছর পর এবার এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন করেছে। সে অনুযায়ী ২০১৩ সালের পাঠ্যবই প্রকাশ করা হয়েছে।
“দীর্ঘদিন পর সীমাবদ্ধ সময়ে যুগোপযোগী করতে পাঠ্যবইয়ের কিছু ক্ষেত্রে তথ্য ও বাণানগত ত্রুটি-বিচ্যুতি ঘটেছে।”
পাঠ্যবইয়ের এসব ভুল সংশোধনের ক্ষেত্রে বিলম্ব ও গাফিলতি করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
