বিশ্বজিতের বড় ভাইয়ের সাক্ষ্যগ্রহণ
বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যামামলায় সাক্ষ্য দিয়েছেন নিহতের বড় ভাই উত্তম কুমার দাস।
তার সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেন।
উত্তমকে নিয়ে এই মামলায় ৬০ সাক্ষীর মধ্যে ২৯ জনের সাক্ষ্য শেষ হল।
উত্তম আদালতে বলেন, তিনি হত্যাকাণ্ডের পরের ১৫/২০ দিন ধরে বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনে আসামিদের ছবি দেখেছেন।
তা দেখে আদালতে হাজির করানো আসামিদের সনাক্ত করেন তিনি।
ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এসএম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনানির পরবর্তী দিন বিশ্বজিতের বাবা অনন্ত চন্দ্র দাস সাক্ষ্য দিতে পারেন।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দরজি দোকানি বিশ্বজিৎকে।
এরপর পুলিশ বাদী হয়ে মামলা করে। গত ৫ মার্চ আদালতে অভিযোগপত্র জমা হওয়ার পর ২ জুন অভিযোগ গঠন হয়।
মামলার ২১ আসামির সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী। এর মধ্যে আটজন গ্রেপ্তার রয়েছেন, বাকিরা পলাতক।
