‘বাংলাদেশ রুখে দাঁড়াও’
মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে শীর্ষস্থানীয় লেখক, অধ্যাপক ও মানবাধিকার কর্মীদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ আগামী ৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কনভেনশন করবে।
বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও আক্রান্তদের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়া ও মুক্তচিন্তার পথ খোলা রাখা, তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত এবং নারীর অধিকার সমুন্বত রাখার দাবিতে কাজ করছে বাংলাদেশ রুখে দাঁড়াও।
গত ২০ এপ্রিল তাদের প্রথম জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এরপর চট্টগ্রামে ১ জুন, ময়মনসিংহে ৮ জুন, রংপুরে ৫ জুলাই এবং সর্বশেষ ১৬ আগস্ট সিলেটে বিভাগীয় সমাবেশ করেছেন তারা।
সুলতানা কামাল বলেন, “দেশের বিভিন্ন বিভাগে চারটি বিভাগীয় সমাবেশ শেষে আমরা ৫ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় কনভেনশন আয়োজন করতে যাচ্ছি।”
তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে মনে করি, ধর্মের নামে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে ধর্মের অপব্যাখ্যাকারী অশুভ শক্তি জনগণকে বিভ্রান্ত করছে।
“যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে, সর্বোপরি মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।”
রাজনীতিতে ধর্মের ব্যবহার বেড়ে যাওয়ায় ধর্মান্ধ শক্তি আগামী নির্বাচনে এর সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই মানবাধিকার কর্মী বলেন, “অশুভ শক্তিকে রুখে দাঁড়ানোর দায় শুভ বুদ্ধিসম্পন্ন সর্ব সাধারণের।”
সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ রুখে দাঁড়াও-এর ওয়েবসাইট www.rdbd.net এর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান।
তিনি বলেন, “যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম তা পাইনি। তাই বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠায় আমাদের আবার নামতে হয়েছে।”
অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সাধারণ জনগণের সচেতন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি বলেন, “স্থানীয় জনগণ যদি সচেতন হয়ে একটুখানি মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে আক্রমণকারীরা পালিয়ে যেতে বাধ্য হবে।”
