রাবি ভর্তি পরীক্ষায় জিপিএ মূল্যায়ন হবে না
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের (জিপিএ) মূল্যায়ন করা হবে না।।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, শুধু ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।
বৃহস্পতিবার দুপুরে তার সভাপতিত্বে ভর্তি কমিটির চূড়ান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে আবেদনের নূন্যতম জিপিএ পরিবর্তন এবং পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ মূল্যায়ন না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।”
এছাড়া ভর্তির ইউনিট ১৬টি থেকে কমিয়ে আটটি অনুষদের অধীনে ৮টি ইউনিট করা হয়েছে বলেও তিনি জানান।
১০ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠেয় এ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ৬ অক্টোবর পর্যন্ত।
এ বছর কলা অনুষদের জন্য ‘এ’ ইউনিট, আইন অনুষদের জন্য ‘বি’, বিজ্ঞান অনুষদের জন্য ‘সি’, ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য ‘ডি’, সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই’, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ‘এফ’, কৃষি অনুষদের ‘জি’ এবং প্রকৌশল অনুষদের ‘এইচ’ ইউনিট নির্ধারণ করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার বাংলা ও ইংরেজি বিভাগে ভর্তিচ্ছুদের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা ছাড়াও অতিরিক্ত লিখিত পরীক্ষা এবং চারুকলা, নাট্যকলা ও সঙ্গীত বিষয়ে এমসিকিউ ছাড়াও অতিরিক্ত ব্যবহারিক পরীক্ষা দিতে হবে।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল অতিরিক্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারবে বলেও জানান তিনি।
ভর্তির আবেদন ফরমের ফি ইউনিট-এ এর জন্য ৭০০ টাকা, বি- ২৫০ টাকা, সি- ৬০০ টাকা, ডি- ৪০০ টাকা, ই- ৬৫০ টাকা, এফ- ৫০০ টাকা, জি- ৪০০ টাকা এবং এইচ এর জন্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত এসএসসি/সমমান এবং ২০১২ ও ২০১৩ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাথমিক আবেদন করতে পারবে।
আবেদনের জন্য মানবিক শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৭ দশমিক ৫, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ৮ দশমিক ৫০, বাণিজ্য বিভাগের জন্য জিপিএ ৮ থাকতে হবে।
ভর্তির জন্য আগামী ১৮ সেপ্টেম্বর রাত ১২ টা ১ মিনিট থেকে রেজিস্ট্রশন শুরু হয়ে চলবে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd.com এ পাওয়া যাবে।
