ন্যায় বিচারের দাবি ফেলানীর বাবা-মায়ের
ফেলানী হত্যার রায়ে হতাশা ব্যক্ত করে দুদেশের সরকার, জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি এ কিশোরীর বাবা-মা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে ফেলানীর বাবা নুর ইসলাম, মা জাহানারা বেগম ও মামা হানিফ উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। এ সময় ফেলানীর ছোট বোন কাজলিও উপস্থিত ছিল।
গত ৫ সেপ্টেম্বর ভারতের কুচবিহারের ১৮১ বিএসএফ সদর দপ্তরে বিশেষ আদালত অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়। এরপর রায় অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রায়ের কপি পাঠানো হয়।
এর আগে বুধবার ই-মেইলে ভারতীয় হাই কমিমিশন, পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) এবং ঢাকার আইন ও সালিস কেন্দ্রে ন্যায় বিচার ও ক্ষতিপূরণ চেয়ে একটি আবেদন করেন ফেলানীর বাবা।
সংবাদ সম্মেলন ফেলানীর বাবা নুরুল ইসলাম বলেন, “১১ সেপ্টেম্বর ই-মেইলে ভারতীয় হাই কমিশনার ও পশ্চিম বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) এর পরিচালক কিরিটি রায় এবং বাংলাদেশের আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী প্রধানের কাছে ন্যায় বিচা চেয়ে একটি চিঠি দিয়েছি।
“আজ আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকার, ভারত সরকার, দুই দেশের জনগণ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আবেদন করছি আমার মেয়ে ফেলানী হত্যাকাণ্ডেরর সুষ্ঠু বিচার যেন নতুন করে শুরু করা যায়।”
এ ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।
তিনি বলেন, “ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশ সরকার প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করুক। শুধু ন্যায় বিচার না, চাই উপযুক্ত ক্ষতিপূরণ।”
ফেলানীর মা জাহানারা বেগম বলেন, “বাংলাদেশ সরকার যদি একটু ধরত তবে হেরা এই বিচার করতে পারত না।
“দিবালোকের মতো সত্য ঘটনার বিচার না হলে, কোনো গরীব মানুষ আর বিচার পাবে না। পাখির মতো গুলি করে হত্যা করবে তাদের।”
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা ইউনিয়নের বানার ভিটা গ্রামের কিশোরী ফেলানী বাবার সঙ্গে বাড়ি আসছিল ভারত থেকে। কিছুদিন পর তার বিয়ের কথা ছিল। অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়ে কাঁটাতারের বেড়ায় ঝুলেছিল ৫ ঘণ্টা। এ ছবি সংবলিত সংবাদ দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক সাড়া জাগায়।
গত ১৩ অগাস্ট ভারতের কুচবিহারের সোনারী এলাকায় বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়।
১৯ অগাস্ট আদালতে ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা আব্দুল হানিফ সাক্ষ্য দেন। এ বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন কুড়িগ্রাম ৪৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক খালেদ এবং কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।
