কারমাইকেলে রগ কাটার ঘটনায় শিবিরের ২৯ জন আটক
রংপুরের কারমাইকেল কলেজে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের উপর হামলার পর রাতব্যাপী অভিযানে ইসলামী ছাত্র শিবিরের ২৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত শহরের বিভিন্ন মেস এবং পীরগাছা, পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযানে আটকদের নাম জানায়নি পুলিশ।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এদের মধ্য থেকে চার জন ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় সম্পৃক্ত রয়েছে বলে জানা গেছে।”
বুধবার বেলা ৩টায় কলেজ ক্যাম্পাসে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোশাররফ হোসেনের দুহাত ও দুপায়ের রগ কাটে এবং গলায় কোপ দেয় শিবিরকর্মীরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কলেজের ছাত্রলীগ নেতার ওপর হামলার এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
জেলা ছাত্রলীগ ও কলেজ প্রশাসন থেকে জানানো হয়েছে তারা এ ঘটনায় পৃথক পৃথকভাবে মামলা করবে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ শাহ মোকসেদ আলি জানান, ক্যাম্পাসের শান্তি বিনষ্ট ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে কলেজ প্রশাসন থেকে একটি মামলা করা হবে।
ছাত্রলীগের জেলা সম্পাদক ফখরুল হাসান লিউ বলেন, “আমাদের মামলায় কলেজ শাখা শিবিরে সভাপতি আরিফ হোসেন ও সেক্রেটারি শাকিল আহমেদসহ শিবিরের শতাধিক নেতাকর্মীকে আসামি করা হবে।”
এদিকে, এ হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার থেকে তিনদিনের প্রতিবাদ কর্মসূচি পালন করছে জেলা ছাত্রলীগ।
জেলা সম্পাদক লিউ জানান, বৃহস্পতিবার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ, শুক্রবার সকল উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং শনিবার জেলা শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি দেয়া হয়েছে।
