২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের দাবিতে হরতাল চলছে সিলেটের ৩ উপজেলায়

গ্যাসের দাবিতে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে শান্তিপূর্ণভাবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 06:53 PM

দীর্ঘদিনের দাবির পরও গ্যাস সংযোগ না পাওয়ায় জৈন্তা জনদাবি পরিষদ নামের একটি সংগঠন এই হরতাল ডাকে।

হরতালের কারণে সিলেট-তামাবিল সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে তামাবিল শুল্ক স্টেশন থেকে আমদানি পণ্যবাহী ট্রাকও যাতায়াত করতে পারছে না।

সকালে হরতালের শুরুতে জৈন্তাপুরের দরবস্ট, শারি ঘাট, হরিপুর, জৈন্তাপুর বাজারে যান চলাচলে বাধা দেয় হরতালকারীরা।

৮টায় জৈন্তাপুর বাজারে হরতালের সমর্থনে মিছিল করে জৈন্তা জনদাবি পরিষদের কর্মীরা।

এ সময় জৈন্তাবাজারে সড়কের ওপর একটি প্রতীকী গ্যাসের চুলা বসানো হয়।

জৈন্তাপুরের ওসি হারুনুর রশিদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সড়কে অটোরিকশঅ ও রিকশার মতো হালকা যানবাহন চলছে। শান্তিপূর্ণভাবেই চলছে সবকিছু।”

কানাইঘাটের ওসি আবদুল আওয়াল চৌধুরী ও গোয়াইনঘাটের ওসি শফিকুর রহমান খানও জানিয়েছেন, তাদের এলাকায় সকাল থেকে কোনো ধরনের গোলযোগ ঘটেনি।

জৈন্তা জনদাবি পরিষদের সভাপতি নাসির উদ্দিন বলেন, ১৯৫৫ সালে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় বাংলাদেশের প্রথম প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও জৈন্তা এলাকার জনসাধারণ গ্যাস সুবিধা থেকে বঞ্চিত।

তিনি বলেন, হরিপুর গ্যাসক্ষেত্র থেকে দেড় কিলোমিটার দূরে কানাইঘাটেও গ্যাস সংযোগ দেয়া হয়নি। গ্যাস নেই পাশ্ববর্তী উপজেলা জকিগঞ্জ, গোয়াইনঘাট, ও কোম্পানীগঞ্জেও।

জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, “এ এলাকার শত শত একর ভূমি স্থানীয়রা দেশ-জাতির বৃহত্তর স্বার্থে গ্যাস ও খনিজ তেল উত্তোলনের জন্য দিয়েছে। অথচ জৈন্তার মানুষের ভাগ্যে এখন পর্যন্ত গ্যাস জোটেনি।”

তিনি জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লাইন স্থাপনের দাবি জানান।

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সিরাজুল হক বলেন, দীর্ঘ দিন থেকে আন্দোলন চলছে। এবার সোচ্চার হয়েছে সাধারণ মানুষ। এই দাবির সঙ্গে সকলেই একমত।

১৯৯০ এর দশক থেকে গ্যাসের দাবিতে জৈন্তা জনদাবি পরিষদের আন্দোলনের এক পর্যায়ে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর অর্ধ দিবস, ১৯৯৫ সালের ৯ মার্চ পূর্ণদিবস হরতাল পালন করা হয়।

১৯৯৫ সালের ৭ ডিসেম্বর সিলেট গ্যাস ফিল্ডস ঘেরাও কর্মসূচি দেওয়া হলে তখনকার বিএনপি সরকার জনস্বার্থে জৈন্তাপুরে গ্যাসলাইন স্থাপনের নিদের্শ দেয়। এরপর হরিপুর পর্যন্ত আংশিক কিছু এলাকায় গ্যাস লাইন বসানো হয়।

কিন্তু কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার মানুষ আর সে সুবিধা পায়নি।

গ্যাসের দাবিতে চলতি বছরের ৩১ জানুয়ারিও হরতাল পালন করে জৈন্তাপুরবাসী।