রুশনারা আলী ঢাকায়
যুক্তরাজ্যের আরেক এমপি শাবানা মাহমুদকে নিয়ে ঢাকায় এসেছেন রুশনারা আলী।
বুধবার ঢাকায় পৌঁছান তারা। যুক্তরাজ্যের বিরোধী দলের দুই এমপির সফর ব্যক্তিগত বলে জানানো হয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের এমপি রুশনারা এই সফরে কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করবেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।
যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দলের হয়ে পোশাক কারখানাগুলো পরিদর্শন করবেন তিনি।
তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক এবং রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির পর বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ নিয়ে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক মহলের উদ্বেগ রয়েছে।
রুশনারা বেথনাল গ্রিন ও বো আসন থেকে ২০১০ সালে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।
শাবানার আসন বার্মিংহাম লেডিউড।
