সহপঠীকে মারধরের প্রতিবাদে চবি কলেজে ভাংচুর
অধ্যক্ষের হাতে এক শিক্ষার্থী প্রহৃত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কলেজে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণ চন্দ্র দেব ‘বিশৃঙ্খলা করার অপরাধে’ এইচএসসি দ্বিতীয় বর্ষের (বিজ্ঞান) ছাত্র সাদিকুর রহমানকে বেত্রাঘাত করেন।
তাকে প্রথমে চবি চিকিৎসা কেন্দ্রে এবং পরে হাটহাজারী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের আইন অনুষদের ক্যান্টিনে খাওয়া-দাওয়া গিয়ে শিক্ষার্থীরা সেখানে বিশৃঙ্খলা করে বলে ওই অনুষদের ডিন তাকে অভিযোগ করেন।
এ বিষয় ছাত্রদেরকে সতর্ক করা হলেও দুপুরে আবার তারা সেখানে হট্টগোল শুরু করে। তিনি শিক্ষার্থীদেরকে বারণ করতে গেলে ওই ছাত্র তার সঙ্গে উত্তেজিত হয়ে ওঠে।
সাদিকুরকে তখন বেত্রাঘাত করা হয় বলে স্বীকার করেন অধ্যক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী জানান, সহপাঠী আহত হওয়ার খবরে কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধির মধ্যে বৈঠক করে বিষয়টি মীমাংসা করা হয়।
