চট্টগ্রামে দুই যুবকের লাশ উদ্ধার
বন্দর নগরীতে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের মধ্যে রেজাউল করিম (৩২) নামে একজনকে আগ্রাবাদ সিডিএ এলাকার বলীপাড়ায় নিজ বাসা থেকে এবং মো. খোকনের (২৬) লাশ বাকলিয়া থানার তক্তার পুল এলাকা থেকে উদ্ধার করা হয়।
রেজাউল স্থানীয় যুবলীগের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ডবলমুরিং থানার এসআই মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নিজ বাসা থেকে রেজাউলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
দুই সন্তানের জনক রেজাউল বেকার ছিলেন। পারিবারিক কলহের জের ধরে রেজাউল আত্মহত্যা করছেন বলে পুলিশের ধারণা।
এদিকে বাকলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, খোকন মৃগী রোগী ছিলেন। নালায় লোহা কুড়ানোর সময় খোকন অজ্ঞান হয়ে যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউসুফ জানান, অজ্ঞান অবস্থায় থোকনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
