২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি

ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্য পরিস্থিতির অবনতি হচ্ছে গাইবান্ধায়। পাশাপাশি অব্যাহত নদী ভাঙ্গনে দুর্বিসহ হয়ে উঠেছে শতাধিক গ্রামের জনজীবন।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 08:26 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

জেলা সদরসহ ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৪টি ইউনিয়নের চরাঞ্চলসহ নদী তীরবর্তী আরও নতুন নতুন এলাকায় বন্যার পানি ঢুকতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্রগুলোতেও রয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের সংকট।

গাইবান্ধা জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক জানান, বন্যা কবলিত তিন উপজেলায় ৩০ টন চাল ও নগদ দেড় লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সব রকম প্রস্তুতি রয়েছে তাদের।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে জানানো হয়েছে, বন্যায় তলিয়ে গেছে তিন উপজেলার ৪ হাজার ১৫০ হেক্টর জমির রোপা আমনের ক্ষেত। ডুবে গেছে হাজার হাজার একর রোপা আমন, ভুট্টা ও ফসলি জমি।

বুধবার পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি আরও ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।

এ পর্যন্ত দুইশ ঘরবাড়িসহ ব্যাপক এলাকা ভেঙ্গে নদীগর্ভে বিলীন এবং ৩০ হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক পয়েন্ট।

ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন অভিযোগ করেন, বন্যা কবলিতদের কাছে এখনও পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী পৌঁছেনি। খাবার ও বিশুদ্ধ পানি এবং জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে এসব এলাকায়।  

চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, তার এলাকার অন্তত দু’শ পরিবার ঘরবাড়ি হারিয়ে বিভিন্ন গুচ্ছগ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও বন্যা আশ্রয় কেন্দ্রে উঠেছে।

উপজেলার এরেন্ডাবাড়ীর চেয়ারম্যান মতিন মোল্লা জানান, সেখানকার শতাধিক একর আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের মুখে পড়েছে ফজলুপুর ইউনিয়নের চর কৃষ্ণমনি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। কয়েকশ মানুষ আশ্রয় নিয়েছে কুন্দের পাড়া ও খারজানি বন্যা আশ্রয় কেন্দ্রে এবং চর সিধাইয়ের দুটি আশ্রয় কেন্দ্রে।

তবে, এসব আশ্রয় কেন্দ্রে পানিয় জল ও খাদ্য সংকট রয়েছে বলেও জানান মতিন মোল্লা।

সাঘাটা উপজেলার জুমারবাড়ী খেয়ারঘাট-থৈকরের পাড়া সড়কের দামবাড়ী এলাকায় পানির স্রোতে ৫০ ফিট রাস্তা ভেঙ্গে গেছে বুধবার রাতে। যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। হুমকির মধ্যে পড়েছে হলদিয়া-সাঘাটা সড়কটিও।

ফুলছড়ি উপজেলার রতনপুর ইউনিয়নে পানির চাপে মাটি দেবে ফাটল দেখা দিয়েছে সুইচ গেটে। আতংকিত এলাকাবাসী বসত-বাড়ি ছেড়ে সরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে।