কিশোরগঞ্জে বাস ধর্মঘটের দ্বিতীয় দিন
চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে কিশোরগঞ্জ-ঢাকা রুটে বুধবার টানা দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে।
অনির্দিষ্টকালের এ কর্মসূচি দিয়েছে কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতি।
এর ফলে মঙ্গলবার থেকে জেলা শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিটাল থেকে গাজীপুর হয়ে ঢাকা মহাখালী বাস টার্মিনাল অভিমুখে বাস চলাচল বন্ধ রয়েছে।
হঠাৎ করে ধর্মঘট আহবান করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
তবে, বিকল্প পথে বত্রিশ বাস টার্মিনাল থেকে ভৈরব হয়ে ঢাকা-সায়েদাবাদ রুট ব্যাবহার করে চলাচল করছেন অনেকে।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আলমগীর মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক মালিক ও শ্রমিক সংগঠনের অব্যাহত চাঁদাবাজি, হয়রানি ও শ্রমিক মারধরের প্রতিবাদে তারা বাধ্য হয়ে ধর্মঘট আহবান করেছেন।
