নড়াইলে জামায়াতের ৬ নেতাকর্মী আটক
নড়াইল জেলা জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারিসহ ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন বৈঠক করার সময় মঙ্গলবার রাত ৯টার দিকে সদরের জুড়ালিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন জেলা কমিটির সহকারী সেক্রেটারি মো. আয়ুব হোসেন খান (৪৭), মো. আলমগীর হোসাইন (৪০), সদর উপজেলা সেক্রেটারি মুশফিকুর রহমান (৫০), নেতা এনামুল কবির (৪০), শাহাবাদ ইউনিয়ন ছাত্র শিবির সভাপতি হাসান আলী (১৮) এবং শিবিরকর্মী তাসলিম হুসাইন (১৮)।
নড়াইল সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটকদের মধ্যে আলমগীর হোসেন ২০১২ সালের ৫ নভেম্বর পুলিশ পেটানো মামলার পলাতক আসামি।
এছাড়া আয়ুব হোসেন খান একই মামলায় কয়েকমাস যাবৎ জেলে থাকার পর হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
