চট্টগ্রামে বিভাগীয় কমিশনারসহ চারজনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম আদালতের প্রবেশ পথে তোরণ নির্মাণের কাজ শুরু করায় বিভাগীয় কমিশনার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।
চট্টগ্রামের প্রথম সিনিয়র সহকারী জজ সাইফুল ইসলাম মজুমদারের আদালতে মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়।
আদালত মামলাটি আমলে নিয়ে তোরণ নির্মাণের ওপের অর্ন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে।
পাশাপাশি এ বিষয়ে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না- পাঁচ দিনের মধ্যে বিবাদীদের তা জানাতে বলেছে আদালত।
মামলার চার বিবাদী হলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারওয়ার জাহান।
মামলার বাদি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পরিষদের অর্থায়নে আদালত ভবনের প্রবেশ পথে একটি তোরণ নির্মাণের কাজ এক সপ্তাহ আগে শুরু হয়।
“তোরণের দুটি পিলারের নির্মাণ কাজ প্রায় শেষ। এর পাশে স্থাপিত নাম ফলকে ‘বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়’লেখা আছে।”
কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম আদালত ভবন বহু প্রাচীন ঐতিহ্যের অধিকারী। ওই স্থানে তোরণ নির্মাণ হলে আদালত ভবন নামেই করতে হবে। এ বিষয়ে উকিল নোটিশ দেয়া হলেও সংশ্লিষ্টরা কোনো জবাব দেননি। তাই মামলা করা হয়েছে।
