বগুড়ায় পাপিয়ার কুশপুত্তলিকা দাহ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে নারী সাংসদ আসিফা আশরাফী পাপিয়ার কুশ পুত্তলিকা পুড়িয়েছে বগুড়া জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে চাঁপাইনবাগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক পাপিয়ার ছবিসহ কুশপুত্তলিকায় আগুন দেয়া হয়।
এ সময় বগুড়া জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লাভলী রহমান বলেন, “যে নেত্রী আগামীদিনের কাণ্ডারী ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এমন কটূক্তি করে তার দলে থাকার কোনো অধিকার নেই।”
সম্প্রতি পাপিয়ার একটি অডিও কথোপকথন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যাতে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
তবে পাপিয়া বলছেন, অডিওটেপের ওই কণ্ঠ তার নয়। তার ভাবমূর্তি নষ্ট করতে এটা করা হয়েছে।
