২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর আগেই শেষ ফেনীর তাঁত শিল্প মেলা

ফেনীতে মাসব্যাপী তাঁত শিল্প-বস্ত্র মেলার জন্য নির্মাণাধীন প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 08:09 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার থেকেই জেলা পরিষদের সামনে শহীদ জহির রায়হান মাঠে এ মেলা শুরু হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে প্রথমে মেলার জন্য মাঠের চারপাশ ঘিরে যে টিনের দেয়াল গড়ে তোলা হয়েছিল সেগুলো খুলে নিয়ে যাওয়া হয়। পরে বুলডোজার দিয়ে মেলার প্যান্ডেল গুড়িয়ে দেয়া হয়।

মাঠের অনুমতি দিয়েছিল জেলা পরিষদ।

তবে এ ব্যাপারে কথা বলার জন্য জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী এবং মেলার আয়োজকদের কাউকে পাওয়া যায়নি।

ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার মেলার অনুমতি দেয়ার কথা স্বীকার করে বলেন, তিনি মেলার প্যান্ডেল ভেঙ্গে ফেলার কথা কিছুই জানেন না।

ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী বলেন, সামনে জাতীয় নির্বাচন। মেলাকে কেন্দ্র করে হৈ হট্টগোল বা যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য মেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

“মেলার জিনিসপত্র পৌরসভার সামনে রাখা আছে। মেলার আয়োজকদেরকে সেগুলো নিয়ে যেতে বলা হয়েছে।”