নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় রেস্তোরাঁ ব্যবসায়ীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ও রোববার রাতে সদর উপজেলা ও সোনারগাঁও উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের ইকবাল হোসেন (৩০) ও একই উপজেলার পানাম গাবতলী এলাকার দুলাল মিয়া (২৮) এবং সদর উপজেলার ফতুল্লার তল্লা এলাকার আফজাল হোসেন মিঠু (৪২)।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, সকাল ১১টায় উপজেলার নয়াগাঁও এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহি একটি বাস রেস্তোরাঁ ব্যবসায়ী মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইকবাল উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার আমির আলীর ছেলে।
দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি ট্রাক দুই পথচারীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই আফজাল হোসেন মিঠু মারা যান।
অপরদিকে রোববার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ত্রিবর্দী এলাকায় রাস্তা পার হওয়ার সময় সাইকেল আরোহী রাজমিস্ত্রী দুলাল হোসেনকে একটি যাত্রীবাহি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
