প্রধানমন্ত্রীর সফরে নিউ ইয়র্কে বিক্ষোভ করবে তারেক পরিষদ
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফরের সময় সেখানে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র বিএনপির একটি সহযোগী সংগঠন।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা এ বিক্ষোভ করবে।
‘তারেক পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি’ নামের ওই সংগঠন স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে।
জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জন এফ কেনেডি বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শন, জাতিসংঘে ভাষণের সময় বাইরে মানববন্ধন এবং প্রধানমন্ত্রীর হোটেলের সামনে বিক্ষোভ করবেন তারা।
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, এসব বন্ধ করা না হলে বিশ্বের অন্যান্য দেশেও একেই ধরনের কর্মসূচি পালন করা হবে।
অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, ড. শওকত আলী, মোয়াজ্জেম হোসেন, কাইয়ুম চৌধুরী ও তারেক পরিষদের মহাসচিব জসীমউদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
