রংপুর মেডিকেলের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
দুর্ঘটনায় চার ছাত্রী আহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন রংপুর মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
রোববার বেলা ১১টা থেকে একঘণ্টা শিক্ষাকার্যক্রম বন্ধ রেখে মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের দুপাশে তারা মানববন্ধন করেন।
এ সময় এক সমাবেশে বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, অধ্যাপক নুরুন্নবী লাইজু, শিক্ষার্থী রেজানুর রহমান মিরাজ, মেহেদী হাসান সুমন প্রধান প্রমুখ।
বক্তারা সড়ক দুর্ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অধ্যক্ষ জাকির হোসেন বলেন, গত ৪ সেপ্টেম্বর রংপুর থেকে নৈশকোচে ঢাকা যাওয়ার পথে বগুড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত হন তৃতীয়বর্ষের ছাত্রী মেহেনাজ সুলতানা হ্যাপী, পরমিতা, তামান্না ও নিশাত। তারা ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে হ্যাপীর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে।
