২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

মাগুরার মহম্মদপুর উপজেলায় দুদল গ্রামবসীর সংঘর্ষে এক সেনাসদস্য ও নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

বাবুখালি গ্রামে রোববার দুপুরে এ সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, তিন জনকে মাগুরা সদর হাসপাতাল ও একজনকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী উজ্জ্বল মিয়া ও বাবুখালি পুলিশ ফাঁড়ির এএসআই ইদ্রিস আলী জানান, একখণ্ড  জমি নিয়ে বাবুখালী গ্রামের আরব আলী ও শফি মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে দুপুর ১২টার দিকে ওই জমিতে আরব আলীর লাগানো ধান শফি মিয়ার লোকজন কাটতে গেলে সংঘর্ষ শুরু হয়।

এ সময় দুপক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। সংঘর্ষ চলে প্রায় একঘণ্টা।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে জহুর মীর (৬০), আরব আলী (৫০), আবজাল হোসেন (২২), হুমায়ুন কবির (২০), সাখাওয়াত (১৬), কুতুব (১২) জাহেদা বেগম (৫০), সমসের (৪০) ও মমিনকে (২৪) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শফি মিয়া (৪৮), আমিরুল (২৭) জমিরকে (১৭) ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে এবং সেনাসদস্য বাশার মিয়াকে (৩০) পাঠানো হয় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে।

ঘটনার সত্যতা স্বীকার করে মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক।  পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।