রাজশাহীতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
সরকার ঘোষিত মজুরি কমিশনের তৃতীয় কিস্তির টাকা পরিশোধের দাবিতে রোববার বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী জুট মিলের শ্রমিকরা।
এ সময় তারা রাজশাহী-ঢাকা মহাসড়ক একঘণ্টা অবরোধও করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে মিলের শ্রমিকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় রাজশাহী-ঢাকা মহাসড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সমাবেশে জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে তাদের এই টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে এলেও বাস্তবায়ন করছে না মিল কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা তাদের নায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে।
অবিলম্বে এ অর্থ পরিশোধ করা না হলে লাগাতার শ্রমিক ধর্মঘটের হুশিয়ারি দেন তিনি।
