পাবনায় আহত অজ্ঞাত ট্রেনযাত্রীর মৃত্যু
পাবনায় ট্রেনের ছাদে ভ্রমণকারী আহত এক ট্রেন যাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে অজ্ঞাত পরিচয় ওই যাত্রীকে (২০) রক্তাক্ত অবস্থায় চাটমোহর স্টেশনে নামিয়ে দেয়া হয়।
চাটমোহর স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার মৃত্যু হয়েছে।
পাবনার ভাঙ্গুড়ার কৈডাঙ্গা ব্রিজ অথবা বড়ালব্রিজের গার্ডারে এ আঘাত লেগে থাকতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন ধূমকেতু এক্সপ্রেসের ছাদে থাকা রক্তাক্ত অবস্থায় এই যুবককে সকাল সাড়ে ১০টার দিকে চাটমোহর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়া হয়।
এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
জাহাঙ্গীর আলম আরো জানান, নিহত ব্যক্তির পরনে কালো শার্ট ও ধূসর রংয়ের প্যান্ট ছিল। তার প্যান্টের পকেটে মানিব্যাগে একটি মোবাইল ফোনের সিমকার্ড ছিল। সেটি চালু করে কয়েকটি সেভ করা নম্বরে যোগাযোগ করেও কোনো পরিচয় উদ্ধার করা যায়নি।
তবে তার বাড়ি নোয়াখালী অঞ্চলে কোথাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সবিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মাথায় মারাত্মক আঘাত লেগেছিল। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
